বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই

মো. মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

খুলনার ডুমুরিয়ায় রেনেটা ফার্মা লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে প্রায় তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহত নাহিদ যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাহিদ। মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে একদল সশস্ত্র ছিনতাইকারী তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে সঙ্গে থাকা ওষুধ বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

পরে নাহিদের হাত-পা বেঁধে রাস্তার পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় স্বর্ণকার ও কবি তুষার দত্ত মোটরসাইকেল পড়ে থাকতে দেখে ঝোপে হাত-পা বাঁধা অবস্থায় নাহিদকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page