বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচনায় থাকা অভিনেত্রী মিষ্টি জান্নাত এবার নিজের বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন।
বেশ কিছুদিন ধরেই তার বিয়ে নিয়ে চলছিল নানা জল্পনা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘Got Married’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর সেই আলোচনা আরও জোরালো হয়।
শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে আপাতত স্বামীর নাম কিংবা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে রাজি নন তিনি।
বিয়ের সময়, স্থান কিংবা স্বামীর পরিচয় জানতে চাইলে মিষ্টি জানিয়েছেন, এসব তথ্য এখনই প্রকাশ করতে চান না। শুধু জানিয়েছেন, বাংলাদেশেই তাদের বিয়ে হয়েছে।
এটি প্রেমের বিয়ে নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নের জবাবে মিষ্টি স্পষ্ট করেছেন, তাদের বিয়ে প্রেমের।
তবে কবে থেকে তাদের সম্পর্ক, কিংবা ঠিক কবে বিয়ে করেছেন—এসব তথ্যও আপাতত গোপন রাখতে চান অভিনেত্রী।
এর কারণ হিসেবে মিষ্টি জানিয়েছেন, সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো সাসপেন্স থাকবে না। তাই আপাতত স্বামীর পরিচয় ও বিয়ের অন্যান্য তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনবেন কি না—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানিয়েছেন, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন তিনি।
এমনকি বিষয়টি নিয়ে মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
মিষ্টির দাবি, তাদের বিয়েটি হুট করে হয়নি। বরং অনেক আগেই তারা বিয়ে করেছেন। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।
অভিনেত্রী জানান, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, আবার কেউ বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাবও দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেয়েছেন তিনি।
এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মিষ্টি জান্নাত।
তার মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা মোটেও ঠিক নয়।
তবে বিয়ে হলেও এখনো পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি বলেও জানিয়েছেন মিষ্টি। বর্তমানে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি।
স্বামীর পরিচয় কবে প্রকাশ করবেন মিষ্টি জান্নাত—এখন সেটিই হয়ে উঠেছে তার ভক্তদের আগ্রহের বিষয়।