হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে একটি বক্তব্য। সেখানে দাবি করা হয়, পপি নাকি বলেছেন—জীবনে যত পাপ করেছেন, সব ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চান।
বিষয়টি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে ভাইরাল হওয়া ওই বক্তব্যকে সম্পূর্ণ ভুল ও বিকৃত বলে দাবি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পপি বলেন, ফিল্মকে তিনি কখনো পাপ বলেননি। চলচ্চিত্র তার পেশা এবং এই পেশা থেকেই উপার্জন করে তিনি পরিবার চালিয়েছেন।
পপির দাবি, পরিবারের জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়ার প্রসঙ্গেই তিনি ‘পাপ’ শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু তার বক্তব্যের প্রকৃত অর্থ গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।
চিত্রনায়িকা পপি বলেন, কিছু মানুষের জন্য নিজের জীবন ও উপার্জন উজাড় করে দিয়েছিলেন তিনি। পরিবারের প্রতি ক্ষোভ থেকেই ওই কথাগুলো বলেছিলেন। কিন্তু তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে পপি বলেন, “ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র একটি জায়গা।” এই জায়গা থেকেই উপার্জন করে তার পরিবার চলেছে। তাই চলচ্চিত্রকে ছোট করার কোনো প্রশ্নই আসে না।
তিনি আরও বলেন, একজন শিল্পী হঠাৎ করে তৈরি হন না। অনেক ত্যাগ, সংগ্রাম ও দীর্ঘ পথ পেরিয়েই একজন শিল্পী গড়ে ওঠেন। তাই কোনো শিল্পীকে নিয়ে মন্তব্য বা সংবাদ প্রকাশের আগে তার দীর্ঘ ক্যারিয়ার ও অবদান বিবেচনা করা উচিত।
পপির ভাষ্য, তিনি এখন চলচ্চিত্রে কাজ না করলেও তার দীর্ঘদিনের অর্জন ও সম্মান মুছে যায়নি। প্রায় তিন দশক চলচ্চিত্রে কাটিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করেন এই অভিনেত্রী।
চিত্রনায়িকা শাবানার উদাহরণ টেনে পপি বলেন, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও একজন শিল্পীর প্রাপ্য সম্মান কমে যায় না। তাই তিনিও কাজ করছেন না বলে তাকে অসম্মান করা উচিত নয়।
এদিকে বর্তমানে সংসার ও ধর্মীয় অনুশাসন পালনে বেশি সময় দিচ্ছেন পপি। নিয়মিত নামাজ-রোজা পালনের কথাও জানিয়েছেন তিনি।
দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন। আপাতত সংসারেই মন দিতে চান তিনি।
অভিনয়ে ফেরার পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে প্রযোজনায় আসার আগ্রহ রয়েছে পপির।
সবশেষে ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপি অনুরোধ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ব্যাখ্যায় যেন কেউ তাকে ভুল না বোঝেন। চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা ও সম্মান সবসময়ই অটুট থাকবে।