বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

৪৫ বছর পর মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর নতুন তথ্য পাওয়ার দাবি করেছেন পুনঃতদন্তের দায়িত্ব পাওয়া বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

তার দাবি, দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যের জট খুলতে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের মোবাইল ফোন।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৪৫ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন মোজাফফর। হত্যাকাণ্ডের পর কক্ষ তল্লাশি ও মরদেহ সরানোর কাজেও তিনি অংশ নিয়েছিলেন বলে জানা যায়।

গ্রেপ্তারের পর তার সঙ্গে কারা যোগাযোগ করতেন, দেশে ও বিদেশে তার যোগাযোগের ধরন কী ছিল এবং এত বছর পর তিনি কীভাবে বাংলাদেশে প্রবেশ করলেন—এসব বিষয় খতিয়ে দেখছে তদন্ত দল।

বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, মোজাফফরের সঙ্গে দেশের ভেতর ও বাইরের বেশ কয়েকজনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এসব যোগাযোগের পেছনে কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছিল কি না, কে তাকে বাংলাদেশে ফিরতে সহায়তা করেছে এবং কার পৃষ্ঠপোষকতায় তিনি ছিলেন—এসব প্রশ্নেরও উত্তর খোঁজা হচ্ছে।

পাশাপাশি তদন্তকারীরা চট্টগ্রাম সার্কিট হাউসসহ বিভিন্ন স্থান পরিদর্শন করছেন এবং পুরোনো নথির পাশাপাশি ডিজিটাল এভিডেন্সও সংগ্রহ করছেন।

তদন্তে আরও গুরুত্ব পাচ্ছে মেজর জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ড। জিয়া হত্যার পর সেনানিবাসে ফিরে আসা কর্মকর্তাদের মধ্যে কারা সুবিধা পেয়েছিলেন এবং গ্রেপ্তারের পর মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কে দিয়েছিল—সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ প্রসিকিউটরের ভাষ্য, মঞ্জুরকে কেন সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, কোন আইনের ভিত্তিতে তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনা কীভাবে ঘটেছিল—এসব প্রশ্নেরও এখনো স্পষ্ট উত্তর মেলেনি।

তদন্তে আরও উঠে এসেছে একটি কথিত ‘সিক্রেট পেপার’-এর বিষয়। জিয়াউর রহমানকে হত্যার পর একটি গোপন নথি খোঁজার চেষ্টা হয়েছিল বলে তথ্য পেয়েছে তদন্ত দল। ওই নথিটি কী ছিল এবং কেন সেটির প্রতি এত আগ্রহ ছিল, সেটিও অনুসন্ধানের আওতায় রয়েছে।

এ ছাড়া লেফটেন্যান্ট মোসলেহ উদ্দিন, মেজর ফজলুল হক, ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ, সৈয়দ মো. মুনির এবং ক্যাপ্টেন মো. ইলিয়াসের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্টদের আশা, জীবিত সাবেক সেনা কর্মকর্তাদের বক্তব্য, গোয়েন্দা ও অভ্যন্তরীণ নথি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য একত্র করলে ১৯৮১ সালের সেই হত্যাকাণ্ডের অমীমাংসিত অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসতে পারে।

৪৫ বছর পর মোজাফফরের গ্রেপ্তার ও তার ফোনে পাওয়া তথ্য—জিয়া হত্যাকাণ্ডের পুরোনো রহস্য উন্মোচনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page