শেরপুরের নকলার নারায়ণখোলা দরবারচর গ্রামে রক্ষণাবেক্ষণের অভাবে মৃত্যুর পথে ঐতিহ্যবাহী বের শিমুলগাছ। স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা করা হলে গাছটি আবারও প্রাণ ফিরে পেতে পারে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা দরবারচর গ্রামের ঐতিহ্যবাহী বের শিমুলগাছটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের কাছে পরিচিত একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে গাছটির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় ঘাটতি দেখা দেওয়ার পর থেকেই ধীরে ধীরে এর অবস্থা খারাপ হতে থাকে। বর্তমানে গাছটির বিভিন্ন অংশ শুকিয়ে যাচ্ছে এবং এটি মৃত্যুর পথে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
একটি ঐতিহ্যবাহী গাছ শুধু প্রকৃতির অংশ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগ। তাই গাছটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাদের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় পরিচর্যা ও চিকিৎসা না পাওয়ায় গাছটির বর্তমান অবস্থা এমন হয়েছে। তবে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা ও পরিচর্যা করা হলে গাছটি আবারও সুস্থ হয়ে উঠতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।
এ অবস্থায় ঐতিহ্যবাহী বের শিমুলগাছটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে ঐতিহ্যবাহী এই গাছটি আবারও প্রাণ ফিরে পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে।
আশরাফুল হক শুভ,শেরপুর