দেশ যখনই গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে—এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
মঙ্গলবার জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অতীতের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিল। একইভাবে এবারও বিএনপিকে ক্ষমতায় এনেছে জনগণ।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে এবং সংকট থেকে উত্তরণে নিরলসভাবে কাজ করছেন। আরও কিছু সময় দিলে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
এছাড়া বেলুন ও কবুতর ওড়ানোর পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও বক্তব্য দেন।