বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

জবিতে ফ্রি কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করলেন চরমোনাই পীর

হাসনাত, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ‘ফ্রি কুরআন শিক্ষা কোর্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় এবং দোয়ায় অংশ নেন মুফতি ফয়জুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এ কার্যক্রমের সফলতা কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ে কুরআন শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় তিনি আনন্দিত। এ উদ্যোগ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম কুরআনের শিক্ষা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি কুরআনকে হেদায়েতের কিতাব হিসেবে উল্লেখ করে এর শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা বিনামূল্যে শুদ্ধভাবে কুরআন শেখার সুযোগ পাবেন। কোর্সে বাংলাদেশের কুরআন শিক্ষা বোর্ডের অভিজ্ঞ শিক্ষকরা প্রশিক্ষক হিসেবে যুক্ত থাকবেন।
জোহরের নামাজ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলাহী বয়ান দেন শায়েখে চরমোনাই। এ সময় কুরআন-সুন্নাহর শিক্ষা, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং ব্যক্তিজীবনে ইসলামী আদর্শ অনুসরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page