বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা থেকে বাদ পড়েছেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে।
তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে—ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন এই নীতির বিস্তারিত জানানো হয়েছে।
তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র ভিজিট বা সামাজিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই।
ফলে বাংলাদেশ থেকে পর্যটন বা সামাজিক ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়মটি বিবেচনায় রাখতে হবে।