অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের শীর্ষ ব্যক্তিদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ—জিএমপি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে গাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সিফাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের সদস্য এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত আব্দুল্লাহ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। সর্বশেষ ৩ সেপ্টেম্বর প্রকাশিত ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তার ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে আপত্তিকর ভাষায় ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাত ৯টার দিকে গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেফতার করে।
এদিকে, সিফাতকে ছেড়ে দেওয়ার দাবিতে এনসিপি নেতা আলী নাসের খান সামাজিক যোগাযোগমাধ্যমে আল্টিমেটাম দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা গাছা থানায় জড়ো হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিফাত আব্দুল্লাহর গ্রেফতারের প্রতিবাদে গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ মুহিম জানিয়েছেন, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হবে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মো: মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার