বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শাপলা চত্বর থেকে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

সরকারের বিভিন্ন নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদ এবং জনদাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় মতিঝিল শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কর্মসূচি।

উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতারা। সকালে সমাবেশস্থলে পৌঁছান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা।

লংমার্চটি ঢাকা থেকে যাত্রা করে পথে বিভিন্ন স্থানে পথসভা, অভ্যর্থনা ও সংবর্ধনা কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রামে পৌঁছাবে। পরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

জামায়াতে ইসলামীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোট নেতারা অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় আসার পর বিএনপি তা বাস্তবায়ন করেনি। বরং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড জনগণের স্বার্থবিরোধী হয়ে উঠেছে বলে দাবি করেন তারা।

বিজ্ঞপ্তিতে দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করা হয়।

জোট নেতাদের দাবি, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

প্রশাসনে অতিরিক্ত দলীয়করণের ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তারা।

বিরোধীদলীয় নেতাদের দাবি, জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে বারবার আলোচনা করা হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সংসদীয় উপায়ে এসব সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই রাজপথে লংমার্চের কর্মসূচি দেওয়া হয়েছে।

এই লংমার্চে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পাশাপাশি নেতৃত্ব দিচ্ছেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং খেলাফত আন্দোলনের আমীর আবু জাফর কাসেমীসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা।

রাজধানী ঢাকা থেকে শুরু হওয়া এই দীর্ঘ অভিযাত্রাকে কেন্দ্র করে পথে পথে নেতাকর্মীদের উপস্থিতি ও কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page