বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা এলাকায় একটি সামরিক স্থাপনায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানিয়েছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। আহত হয়েছেন অন্তত ৫৮ জন—পরবর্তী প্রতিবেদনে আহতের সংখ্যা ৬২ জন বলেও জানানো হয়েছে।

বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য লা পাজের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের বড় একটি অংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সামরিক স্থাপনাটির একটি এলাকায় আতশবাজি বা পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু বাড়িঘরের জানালার কাচ ভেঙে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী কাজ করছে।

এদিকে, ঘটনাস্থলে এখনও তাপের উৎস থাকায় আরও বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page