লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার বিকেলে কুষ্টিয়ার খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচি, বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভায় অংশ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, লং মার্চের কারণে একদিকে জনগণের ভোগান্তি বাড়বে, অন্যদিকে বিপুল পরিমাণ জ্বালানি তেল অপচয় হবে।
তিনি দাবি করেন, জ্বালানি সংকটের কথা বলে লং মার্চের কর্মসূচি দেওয়া হলেও এ কর্মসূচিতে হিসাব অনুযায়ী প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল খরচ হবে।
গণরায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণ যে সংস্কার চায়, গণরায়ের মধ্য দিয়ে সেটিই প্রকাশ পেয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে এসব সংস্কার বাস্তবায়ন সম্ভব।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিতে বিরোধী দলকে আহ্বান জানানো হলেও তারা এখনো সেখানে অংশ নেয়নি। অথচ লং মার্চের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি এবং জ্বালানি সংকটের সময় অযথা জ্বালানি পোড়ানো হচ্ছে।
সরকারের সফলতা-ব্যর্থতা পর্যালোচনার পাশাপাশি গত ছয় মাসে বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কতটা সফল ছিল, সেটিও পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেন ইশরাক হোসেন।