বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছয় দফা দাবিতে লং মার্চ করছে। কর্মসূচিতে দাবি আদায় না হলে ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, একই সময়ে আওয়ামী লীগ জামায়াতের বিভিন্ন দাবির প্রতি সংহতি জানাচ্ছে। আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের একটি অংশও জামায়াতের দাবিকে সমর্থন করছে বলে দাবি করেন রাশেদ খান।
তার ভাষ্য, আওয়ামী লীগ এখন সামনে থেকে কোনো আন্দোলন সফল করতে পারবে না বলেই জামায়াতের কাঁধে ভর করে আন্দোলনে ফেরার চেষ্টা করছে।
রাশেদ খান আরও দাবি করেন, ক্ষমতার স্বার্থে জামায়াত ও আওয়ামী লীগ রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছে এবং রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই লং মার্চের কর্মসূচি দেওয়া হয়েছে।
এ সময় জামায়াতের লং মার্চের বক্তব্যে বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হলেও আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের দাবি তোলা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।