বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি ঠাকুরগাঁও যাচ্ছেন আজ, শহরজুড়ে উৎসবের আমেজ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুত ঠাকুরগাঁও শহর। নির্মাণ করা হচ্ছে তোরণ, চলছে আলোকসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ, উচ্ছ্বাস আর আবেগ।

ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শৈশব-কৈশোর। শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ, অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট—সবই তাঁর চেনা।

সেই পরিচিত শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রোববার ও সোমবার সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তিনি। আর তাঁর আগমনকে ঘিরে পুরো শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

কোথাও নির্মাণ করা হচ্ছে তোরণ, কোথাও চলছে আলোকসজ্জার কাজ। শহরকে পরিচ্ছন্ন ও পরিপাটি করে তুলতে দিন-রাত কাজ করছেন পৌরসভার কর্মীরা। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও ব্যস্ত সময় পার করছেন প্রস্তুতি নিয়ে।

সাধারণ মানুষের মধ্যেও রাষ্ট্রপতিকে একনজর দেখার আগ্রহ আর কৌতূহল যেন আরও বেশি।

কারও কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় রাজনীতির পরিচিত মুখ, কারও কাছে দীর্ঘদিনের রাজনৈতিক নেতা। তবে ঠাকুরগাঁওয়ের অনেক মানুষের কাছে তিনি আজও পরিচিত ‘আলমগীর স্যার’—নিজ শহরের আপনজন।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজের শেকড়ে ফিরে আসার এই সফর তাই ঠাকুরগাঁওবাসীর কাছে শুধু একটি রাষ্ট্রীয় সফর নয়; এটি গর্ব, আনন্দ, ভালোবাসা আর আবেগেরও মুহূর্ত।

সফরসূচি:

সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রাষ্ট্রপতির।

সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাঁর অবতরণের কথা রয়েছে। এরপর তিনি যাবেন জেলা সার্কিট হাউসে এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরে শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন—চোখামিয়া—এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

এরপর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে যাবেন তিনি। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সেখানেই তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে।

দ্বিতীয় দিনের কর্মসূচি:

সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন তিনি। পরে সার্কিট হাউসে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর।

নিরাপত্তা প্রস্তুতি:

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট—পিজিআর—এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। রাষ্ট্রপতির সম্ভাব্য যাতায়াতের পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতির দুই দিনের সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সব প্রস্তুতি শেষে এখন অপেক্ষা শুধু সেই মাহেন্দ্রক্ষণের—নিজ শহরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করে নেওয়ার।

ঠাকুরগাঁও এখন অপেক্ষায়, নিজের শহরের প্রিয় সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্বাগত জানানোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page