বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানের লক্ষ্য সরকারের ।

বিদ্যমান জ্বালানি সংকট ২০৩০ সালের মধ্যে সমাধানে সরকার দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেশের জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী জানান, স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় দ্রুত প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি সপ্তাহ থেকেই ৬৬০ মেগাওয়াটের রামপাল বিদ্যুৎকেন্দ্র চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে আরও ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্যাস সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে বছরে গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে উৎপাদন হচ্ছে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। চাহিদা প্রতিবছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ায় বর্তমানে প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে।

অফশোর গ্যাস অনুসন্ধানে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এর আওতায় ২৬টি ব্লকে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ১৫টি গভীর সমুদ্র ও ১১টি অগভীর সমুদ্রের ব্লক। আগামী নভেম্বর পর্যন্ত দরপত্র প্রক্রিয়া চলবে। একই সঙ্গে নতুন অনশোর বিডিং রাউন্ড চালুর প্রস্তুতিও চলছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করতে বিদ্যমান পাঁচটি ড্রিলিং রিগের পাশাপাশি আরও দুটি রিগ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে ২৯টি কূপের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং আরও আটটিতে ড্রিলিং চলছে।

এদিকে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের মাধ্যমে বার্ষিক পরিশোধন সক্ষমতা ১৫ লাখ টন থেকে বাড়িয়ে ৪৫ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এক বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করবে বলে জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানি খাতেও ছাদ ও ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের শুল্কমুক্ত নীতিগত সহায়তা এ খাতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও প্রতিবেশী দেশগুলোতে চোরাচালান কমানোর বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সমন্বিত জ্বালানি মূল্য ব্যবস্থার আওতায় সরকারকে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগের সরকারের আমলে নেওয়া আমদানিনির্ভর নীতির পরিবর্তে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।

এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় বাস্তবসম্মত ও টেকসই নীতি গ্রহণের আহ্বান জানান। সংকট মোকাবিলায় একটি শক্তিশালী ও কার্যকর জ্বালানি সেল গঠনেরও দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page