বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য ।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক সীমিত করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ড মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

হোয়াইট হলের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৪ সালের জুলাইয়ের পরামর্শমূলক মতামতের আলোকে অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে লন্ডন।

সম্ভাব্য নতুন নীতির আওতায় এসব বসতির ব্যবসায়িক কার্যক্রমে ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিনিয়োগ নিষিদ্ধ করা হতে পারে। জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজও অবৈধ বসতিগুলোকে টিকিয়ে রাখতে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে লেবার মুসলিম নেটওয়ার্ক ও ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টিনিয়ানস যুক্তরাজ্য সরকারের কাছে অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও আর্থিক কার্যক্রমে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার দাবি জানায়।

এদিকে পূর্ব জেরুজালেমের কাছে ইসরায়েলের ই-ওয়ান বসতি সম্প্রসারণ প্রকল্প নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হতে পারে।

সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তেল আবিবও পাল্টা ব্যবস্থা নিতে পারে।

গাজা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ড সম্প্রতি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার এ অবস্থানের সমালোচনা করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page