রুমিন ফারহানার মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া দেখা যায়—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন দাবি করেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের মিল রয়েছে। এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্টের সঙ্গে রুমিন ফারহানার পোস্টের কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
এসময় রুমিন ফারহানার অতীত বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালে বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের সঙ্গে তার সাম্প্রতিক বক্তব্য সাংঘর্ষিক।
এছাড়া জামায়াতের কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের অতীত নিয়েও সংসদে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা অনেকটা নিজেদের দিকেই ফিরে আসছে।
রাশেদ খাঁনের দাবি, জাতীয় সংসদে রুমিন ফারহানা, হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের কয়েকজন এমপি আওয়ামী লীগের বয়ানের পক্ষে অবস্থান নিয়েছেন।