পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের সবুজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর আগে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেন শিক্ষকরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। দেখা দিচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, অসময়ে বৃষ্টিসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ।
তাই সবুজ প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
শাহপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডে বিদ্যালয়টি নিয়মিতভাবে অংশ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সবাইকে বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মো. মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার।