অনলাইনে পণ্য বিক্রির অর্ডার নিয়ে নানা অজুহাতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে খুলনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতার দুজন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
খুলনার লবনচরা এলাকার বাসিন্দা মোঃ আজিজুল হক ফেসবুকে ‘Online Sale Bazar’ নামের একটি পেজে বেবি বাইকের বিজ্ঞাপন দেখে অর্ডার করেন। শুরুতে মাত্র ৩১০ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করেন তিনি।
পরে ডেলিভারিম্যান পরিচয়ে ওটিপি, পণ্য প্রসেসিং ও শিপমেন্টের কথা বলে কয়েক দফায় তার কাছ থেকে নেওয়া হয় মোট ৪৯ হাজার ১৪০ টাকা। এরপরই যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা।
এ ঘটনায় ৬ সেপ্টেম্বর লবনচরা থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে মামলাটির তদন্তভার নেয় পিবিআই খুলনা জেলা।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাতে খুলনার শিরোমনি দক্ষিণপাড়া থেকে জুয়েল সরদার এবং শিরোমনি চালপট্টি রোডের সাইফুল স্টোর থেকে মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ সময় সাইফুলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। পরদিন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
পিবিআই বলছে, গ্রেফতার দুজন অনলাইন প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। একই কৌশলে তারা আরও অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মোঃ মনিরুল ইসলাম।