পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ—পিসিএনপি।
শনিবার দুপুরে রাঙামাটির কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনটির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘নির্বাহী কমিটি’ এবং ‘পরামর্শক কমিটি’ গঠন করেছে।
তাদের দাবি, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় এমন উদ্যোগ আগে দেখা যায়নি। তিন স্তরের এসব কমিটি কার্যকরভাবে কাজ করলে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানের পাশাপাশি সুষম উন্নয়ন নিশ্চিত হবে।
নেতারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ের সব সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও সহাবস্থান নিশ্চিতের পথ এই সিদ্ধান্তের মাধ্যমে আরও সুগম হয়েছে।
সংবাদ সম্মেলনে পিসিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।