ইয়েমেনের পশ্চিমাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদাইদাহ ও তাইজ প্রদেশের প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের বাহিনী দুই প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে হটিয়ে দিয়েছে।
সারি বলেন, অভিযানে সৌদি-সমর্থিত বাহিনীর সাতটি ডিভিশন পরাজিত হয়েছে। এসব ডিভিশনের অধীনে ছিল ৩৮টি ব্রিগেড। সংঘর্ষে শত শত যোদ্ধা নিহত ও আহত এবং আরও অনেকে বন্দি হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণাধীন কয়েকটি বন্দীশালা থেকে বিপুলসংখ্যক বন্দিকে মুক্ত করার দাবি করেছে হুতিরা।
হুতি মুখপাত্র আরও দাবি করেন, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ৩২টি অভিযান পরিচালনা করে সৌদি বাহিনীর নয়টি বিমান শনাক্ত ও ভূপাতিত করেছে।
এদিকে লোহিত সাগরে সৌদি আরবের জাহাজের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা। সারি বলেন, সৌদি ছাড়া অন্যান্য দেশের জাহাজের জন্য লোহিত সাগরে চলাচল উন্মুক্ত থাকবে।
হুতিদের দাবি, ইয়েমেনের ওপর সামরিক অভিযান ও অবরোধ অব্যাহত থাকলে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি কার্যকর থাকবে এবং সৌদি সামরিক স্থাপনায় হামলা আরও বাড়ানো হবে।
২০১৫ সালের মার্চে সৌদি আরব ও মিত্র দেশগুলো ইয়েমেনে সামরিক অভিযান শুরু করার পর দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত চলছে। এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।