টলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে। বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন জনপ্রিয় এই অভিনেত্রী—এমন গুঞ্জনে সরগরম ভারতীয় বিনোদন অঙ্গন।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরেই উত্তরবঙ্গের কালিম্পংয়ে হতে পারে মিমির বিয়ের আয়োজন। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে তার হবু বরকে ঘিরে।
টলিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হচ্ছে, মিমির হবু বর বিনোদন জগতের কেউ নন। তিনি একজন নৌসেনা কর্মকর্তা। গুঞ্জন অনুযায়ী, তার নাম সিদ্ধার্থ। তবে বিয়ের খবর কিংবা পাত্র সম্পর্কে এখনো মিমি চক্রবর্তীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে শক্ত অবস্থান তৈরি করেন তিনি। শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছেও নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মিমি। ২০১৯ সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়ে ভারতের সংসদ সদস্য হন তিনি।
বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি। এরই মধ্যে তার বিয়ের গুঞ্জন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
তবে ডিসেম্বরেই বিয়ে, আর পাত্র হিসেবে নৌসেনা কর্মকর্তা সিদ্ধার্থ—এই তথ্যের সত্যতা কতটা, সেটিই এখন দেখার বিষয়। মিমি চক্রবর্তী নিজে কবে এ বিষয়ে মুখ খোলেন, সেদিকেই তাকিয়ে তার ভক্ত-অনুরাগীরা।