অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সংগীতাঙ্গনে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বুধবার প্রকাশ করেছেন নিজের প্রথম একক গান ‘পাবলো’। গানটির কথা ও সুরও করেছেন তিনি নিজেই।
পাঞ্জাবি র্যাপধর্মী গানটিতে হানিয়া আমির তুলে ধরেছেন জনসমালোচনা, মানুষের নানা মন্তব্য এবং সমালোচকদের উদ্দেশে নিজের আত্মবিশ্বাসী অবস্থান। গান প্রকাশের মধ্য দিয়ে তার সৃজনশীল ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি শেয়ার করেছেন হানিয়া। এতে তাকে ‘ভুয়া’ বলে মন্তব্য করা সমালোচকদের কথাও উঠে এসেছে। একই সঙ্গে তার বিপুলসংখ্যক ভক্ত ও অনুসারীর ভালোবাসার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
গানটির শেষাংশে ভারতের একটি রিয়েলিটি শোর ভিডিও ক্লিপ যুক্ত করেছেন হানিয়া। সেখানে ভারতীয় টিভি তারকা রাখি সাওয়ান্ত হানিয়াকে উদ্দেশ করে ভালোবাসা ও সমর্থনের বার্তা দেন। হানিয়ার প্রশংসা করে তিনি তাকে ‘সিংহী’ হিসেবে উল্লেখ করেন এবং সমালোচকদের নিয়ে চিন্তা না করার পরামর্শ দেন।
হানিয়া ও রাখি সাওয়ান্তের এই অপ্রত্যাশিত উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। অনেকেই এটিকে দুই দেশের বিনোদন অঙ্গনের একটি ব্যতিক্রমী মুহূর্ত হিসেবে দেখছেন।
নিজের প্রথম গানেই সমালোচকদের জবাব দিয়েছেন হানিয়া। আত্মবিশ্বাসী বার্তায় তিনি বুঝিয়ে দিয়েছেন, মানুষের নেতিবাচক মন্তব্যকে পাশ কাটিয়ে নিজের কাজ ও সৃজনশীলতাকেই এগিয়ে নিতে চান।
অভিনয়ের পাশাপাশি এবার সংগীতেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান হানিয়া আমির। ‘পাবলো’ দিয়ে শুরু হওয়া এই নতুন যাত্রা ভবিষ্যতে তাকে সংগীতাঙ্গনে কতটা এগিয়ে নেয়, সেটিই এখন দেখার বিষয়।