ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগের পর প্রথমবারের মতো নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একই সঙ্গে দুঃসময়ে পাশে দাঁড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে বাঁধন তার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা জানান।
পোস্টে অভিনেত্রী লেখেন, জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন মনে রাখতে হবে—অন্য প্রান্তে হয়তো সুন্দর কিছু অপেক্ষা করছে।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বাঁধন জানান, দীর্ঘ এই অধ্যায়ে তাকে কঠিন কিছু মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয়েছে। এর মধ্যে ছিল অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা এবং কাছের মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার অনুভূতি।
তবে প্রতিকূলতার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা জানান তিনি। বাঁধনের ভাষায়, কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই মানুষের জন্য সবচেয়ে বেশি সমর্থন ও সহায়তা আসে।
কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, যখন তার সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান তার পাশে দাঁড়িয়েছে।
বাঁধন আরও বলেন, কাছের কিছু মানুষ যখন তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, তখন এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই তার নিরাপত্তা ও সহায়তার উৎস হয়ে উঠেছিলেন। পাশাপাশি যারা তার খোঁজ নিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনীকে কেন্দ্র করেই সেখানে যান তিনি।
এর আগে গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে তাদের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ ওঠে। ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাঁধনকে সহযোগিতা করা হয়। এ ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করা হয়।