বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগের সরকারের সময় আরও দুই-তিন বছর দেশ পরিচালিত হলে বাংলাদেশের পরিস্থিতি সিকিমের মতো হয়ে যেতে পারত। তিনি বলেন, অতীতের ঘটনাগুলো থেকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে শিক্ষা নেওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে দেশকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল। বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এর ফলে দেশে দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাওয়ায় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আর ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। এসব অর্জনের পেছনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ স্মরণ করে দেশের অগ্রগতিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শেরপুরের পর্যটন সম্ভাবনার বিষয়েও কথা বলেন পর্যটনমন্ত্রী। জেলার গারো পাহাড় এলাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ র‍্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারাও সভায় অংশ নেন।

এর আগে শেরপুরে পৌঁছালে সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা বিএনপির নেতারা ফুল দিয়ে পর্যটনমন্ত্রীকে স্বাগত জানান। পরে জেলা আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page