উত্তাল সমুদ্রে ফেরি ডুবে ইন্দোনেশিয়ায় শতাধিক যাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে বিমান, নৌযান ও ডুবুরি নামিয়ে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির উদ্ধারকারী সংস্থা।
কর্তৃপক্ষ জানায়, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ ফেরিটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু ছিলেন। পূর্ব জাভার সুরাবায়া থেকে যাত্রা শুরুর পর রোববার ভোরে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সিয়াফি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০৮ জনকে। এখনও নিখোঁজ রয়েছেন ১২৯ জন।
উদ্ধার অভিযানে পাঁচটি বিমান ও ১৭টি নৌযান মোতায়েন করা হয়েছে। ডুবে যাওয়া ফেরিটির অবস্থান শনাক্ত করে এর ভেতর ও আশপাশে ডুবুরি এবং পানির নিচে চলাচলকারী ড্রোন ব্যবহার করা হচ্ছে।
উদ্ধারকারীরা নিখোঁজদের জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।