স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা হতেই খুলনার বিভিন্ন এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। প্রথম ধাপেই খুলনায় স্থানীয় নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে নানা হিসাব-নিকাশ।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩ নম্বর রুদাঘরা ইউনিয়ন। বিগত সরকারের সময়ে ইউনিয়নটিতে আওয়ামীপন্থী চেয়ারম্যান ও মেম্বারদের প্রভাব ছিল। জুলাই আন্দোলনের পর বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।
তবে এবার রুদাঘরা ইউনিয়নবাসীর প্রত্যাশা—সৎ, যোগ্য ও জনবান্ধব একজন প্রতিনিধি যেন ইউনিয়নের দায়িত্ব পান। উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করে ইউনিয়নকে এগিয়ে নেবেন—এমন নেতৃত্বই চান সাধারণ ভোটাররা।
চায়ের আড্ডা থেকে শুরু করে বাজার-ঘাট—সবখানেই এখন আলোচনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। রাজনৈতিক নেতাকর্মীরাও বসে নেই। চলছে উঠান বৈঠক, নীরব প্রচারণা আর ভোটারদের সঙ্গে যোগাযোগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তবে দলটির একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে চলছে আলোচনা।
সব মিলিয়ে রুদাঘরা ইউনিয়নে নির্বাচনী আমেজ এখন বেশ জমজমাট। দল-মত নির্বিশেষে সৎ, যোগ্য ও কর্মঠ একজন প্রতিনিধি নির্বাচিত হবেন—এমন প্রত্যাশাই সাধারণ মানুষের।
মো. মনিরুল ইসলাম ।