আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর জরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন।
গ্রেফতারকৃত হলেন,লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা মায়ের সাথে মহানগরীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন।
জানা যায় ২০২৫ সালের ২৭ মে রাত ১১ টার সময় নাসির উদ্দীন পালোয়ানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নাসির উদ্দীন পালোয়ানকে কুপিয়ে মাথা ১৮ খন্ড করে। এসময় একই পরিবারের আরও ৬ জন গুরুতর আহত হন।
দীর্ঘ প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। পরে নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) হেলাল উদ্দিন জানান,কিছু আসামি আদালত থেকে জামিনে আছেন এবং কিছু আসামি পলাতক রয়েছেন। তিনি জানান,পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মো: মনিরুল ইসলাম