সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা কয়েকটি চিঠি ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
চিঠিগুলোতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, প্রতারণার অভিযোগ ও মানসিক কষ্টের নানা কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিশিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় নিজের অবস্থান ও আত্মসম্মান রক্ষার কথাও তুলে ধরা হয়েছে।
একটি চিঠিতে মরিয়ম লিখেছেন—অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেও শেষ পর্যন্ত তিনি হেরে গেছেন। আরেক লেখায় অন্য নারীর স্বামীকে ভালোবেসে ফেলার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়।
অন্য একটি চিঠিতে নিজেকে দাবার গুটি হিসেবে উল্লেখ করে বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতি প্রকাশ করা হয়েছে। কোথাও আবার রয়েছে তীব্র ক্ষোভ ও ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্কবার্তা।
এছাড়া ১২ জুলাই ২০২৬ তারিখের একটি পাতায় ঘুমানোর আগে করণীয় বিভিন্ন ধর্মীয় আমলের তালিকাও পাওয়া গেছে।
তবে এসব লেখা মরিয়ম খাতুনের নিজের হাতে লেখা কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। চিঠিগুলোর বক্তব্যের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্তের বিষয়।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে চিঠিগুলোসহ সব আলামত পরীক্ষা করছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা।