শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকা থেকে কালু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে ভাসমান অবস্থায় কালু মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়া (২১)কে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
নিহত কালু মিয়ার বাবা মন্টু মিয়া জানান, রোববার সকালে কালু মাছ ধরার জন্য বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে তারা জানতে পারেন, নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির মাছের পুকুরে কালুর মরদেহ পাওয়া গেছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।