খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী নিজ এলাকায় আগমনকে ঘিরে ডুমুরিয়া-ফুলতলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। শনিবার, ২৬ সেপ্টেম্বর এমপির আগমনের খবরে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
১ নম্বর ধামালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে এমপিকে বরণ করতে শতাধিক মোটরসাইকেল নিয়ে আলতাফের মোড় এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা। পরে এমপির গাড়িবহর সেখানে পৌঁছালে স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান তারা।
পুলিশের নিরাপত্তা প্রটোকলের মধ্য দিয়ে এমপির গাড়িবহর মোটরসাইকেল শোভাযাত্রায় ধামালিয়া ইউনিয়নের দিকে এগিয়ে যায়। গ্রামের সরু রাস্তা, সবুজ প্রকৃতি আর দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের হাত নাড়ানো শুভেচ্ছায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
এরপর ডুমুরিয়া-ফুলতলা এলাকার দীর্ঘদিনের সমস্যা বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে কেওড়াতলা সুইসগেটে যান এমপি আলী আজগর লবী। কাঁচা ও কাদাযুক্ত রাস্তার কারণে গাড়ি রেখে মোটরসাইকেল ও পরে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান তিনি।
সেখানে স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতার কারণ ও সমস্যা সম্পর্কে বিস্তারিত শোনেন এমপি। এ সময় কীভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
পরে এমপি যান ১ নম্বর ধামালিয়া ইউনিয়ন পরিষদে। সেখানে অপেক্ষমাণ সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ইউনিয়ন পরিষদ চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় এমপি আলী আজগর লবী বলেন, এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, তারা ডাকলেই জনগণের সেবায় ছুটে আসবেন। কারণ এই এলাকার মানুষের ভোটেই তিনি নির্বাচিত এবং এই মাটির সঙ্গে তার রয়েছে গভীর সম্পর্ক।
দিনভর নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজ এলাকা ত্যাগ করেন সংসদ সদস্য আলী আজগর লবী।
মো: মনিরুল ইসলাম