বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও দেশসেরা যবিপ্রবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও শীর্ষস্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এবারও বিশ্ববিদ্যালয়টি ১০০১–১২০০ ব্যান্ডে স্থান পেয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করে। এতে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‍্যাঙ্কিংয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ, গবেষণার মান, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, ৮০১–১০০০ ব্যান্ডে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অবস্থান করছে। অন্যদিকে ১০০১–১২০০ ব্যান্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি এবং যবিপ্রবি স্থান পেয়েছে।

এ বিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় তারা আনন্দিত ও গর্বিত। তিনি এ অর্জনকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন।

যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও অ্যাকাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এ অর্জন কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবিকে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ যবিপ্রবির অবস্থান ছিল ১০০১–২০০০ ব্যান্ডে। এক বছরের ব্যবধানে ২০২৭ সালের র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১–১২০০ ব্যান্ডে উঠে এসেছে এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।
আব্দুল্লাহ আল হাসিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page