বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির জীবনের একটি অবিশ্বাস্য ঘটনা অনেকেরই অজানা। জন্মের পরপরই হাসপাতালের দায়িত্বরত নার্সের এক ভুলে অন্য এক পরিবারের কোলে চলে গিয়েছিলেন তিনি। তবে মায়ের প্রখর দৃষ্টি ও তৎপরতায় শেষ পর্যন্ত নিজের আসল পরিবারে ফিরে আসেন এই তারকা।১৯৭৮ সালের ২১ মার্চ চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির ঘরে জন্ম নেন রানি মুখার্জি। কিন্তু জন্মের পর নবজাতকের গায়ে পরিচয়পত্র লাগানোর সময় এক নার্সের ভুলেই ঘটে বিপত্তি। এক পাঞ্জাবি দম্পতির সন্তানের সঙ্গে অদলবদল হয়ে যান রানি।
তবে রানিকে কোলে পেয়েই সন্দেহ জাগে তাঁর মা কৃষ্ণা মুখার্জির মনে। শিশুকন্যার চোখের রঙ নিজের সন্তানের সঙ্গে না মেলায় তিনি সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, শিশুটি তাঁর নয়। একই সাথে নিজের আসল সন্তানকে খুঁজে বের করার দাবি জানান তিনি।মায়ের এমন দাবির পর হাসপাতালজুড়ে শুরু হয় খোঁজাখুঁজি। পরে ওই পাঞ্জাবি দম্পতির কোল থেকে রানিকে উদ্ধার করে প্রকৃত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে এ ঘটনা নিয়ে পরিবারে প্রায়ই হাসাহাসি হতো। অনেকেই ঠাট্টা করে বলতেন—রানি নাকি আদতে পাঞ্জাবি পরিবারেরই সন্তান, ভুল করে মুখার্জি পরিবারে বড় হয়েছেন!
পরবর্তীতে জীবনের নানা পথ পেরিয়ে ২০১৪ সালে চলচ্চিত্র প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। ২০১৫ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যাসন্তান আদিরা। তবে শৈশবের সেই অদলবদলের রোমাঞ্চকর ঘটনা আজও রানির জীবনের অন্যতম আলোচিত স্মৃতি।