কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে মাতারবাড়ীতে পৌঁছান তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী সফরে কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এরপর দুপুরের দিকে ফটিকছড়ি উপজেলায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করবেন। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কক্সবাজার ও চট্টগ্রামের সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।