ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় সড়কে হিজড়া সম্প্রদায়ের কয়েকজন সদস্যের অর্থ আদায়ের কারণে জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, ব্যস্ত সড়কে পথচারী পারাপার ও যানবাহনে যাত্রী ওঠানামার সময় অর্থ আদায়ের জন্য গাড়ির কাছে গিয়ে দাঁড়ানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। সাইফুল ইসরাম এর রিপোট ।
এতে অনেক সময় আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি, অতীতেও এ ধরনের পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তাই ভরাডোবা এলাকায় বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে এনে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী বলছেন, হিজড়া সম্প্রদায়ের সদস্যদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রেখে তাদের জন্য বিকল্প কর্মসংস্থান কিংবা পুনর্বাসনের ব্যবস্থা করা হলে সমস্যাটির স্থায়ী সমাধান সম্ভব।
এতে যেমন তাদের জীবিকার সুযোগ তৈরি হবে, তেমনি সড়কে অর্থ আদায়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভরাডোবার বাসিন্দারা।