নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে মোহাম্মদ তারিকুল ইসলাম যোগদানের পর থেকেই জেলা ও উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। তাঁর কঠোর নীতি ও সময়োপযোগী পদক্ষেপে জেলা ও উপজেলার স্থানীয় সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও নিরাপত্তাবোধ। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার মানসিকতায় তিনি ইতোমধ্যেই জেলাবাসীর মন জয় করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ১১টি থানার পুলিশ সদস্যরা জেলাজুড়ে ব্যাপকভাবে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। নিয়মিত অভিযান, মামলা দায়ের, চিহ্নিত অপরাধী ও মাদক কারবারিদের গ্রেপ্তার, মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা এবং দণ্ড প্রদানের মাধ্যমে কার্যকর আইনি ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। অপরাধ এবং মাদকের সাথে জড়িতদের জন্য কঠোর বার্তা নিশ্চিত করা হয়েছে—কোনো অবস্থাতেই অপরাধী পার পাবে না।
তিনি জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি পুলিশি টহল ও অভিযান জোরদার করেন। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, যা অপরাধ দমনে যুগান্তকারী ভূমিকা রাখছে।
অন্যায়ের ক্ষেত্রে তিনি যেমন কঠোর, সাধারণ ও অসহায় মানুষের কাছে তিনি তেমনি এক ভরসার নাম। সরাসরি ভুক্তভোগীদের কথা শোনা, পুলিশি সেবা হয়রানিমুক্ত করা এবং দ্রুত সময়ের মধ্যে যেকোনো সমস্যার সমাধান নিশ্চিতে তাঁর আন্তরিকতা প্রশংসিত হচ্ছে। ক্ষমতার অপব্যবহার কিংবা পুলিশের অভ্যন্তরীণ অনিয়মের বিরুদ্ধেও তিনি অত্যন্ত সোচ্চার।
নওগাঁ জেলাসহ প্রতিটি উপজেলার সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, পেশাদারিত্ব, সততা এবং কঠোর পদক্ষেপের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় এক নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছেন। মাদকমুক্ত ও শান্তিময় নওগাঁ গঠনে জেলা পুলিশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।