হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফুল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দক্ষ বিষেশজ্ঞরা ফুল ও সবজি চাষের আধুনিক ও বৈজ্ঞানিক বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন। এতে মাটির গুণাগুণ পর্যবেক্ষণ, উর্বরতা রক্ষা, মানসম্মত বীজ নির্বাচন, জৈব ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা, পরিমিত সেচ এবং নিরাপদ সবজি উৎপাদনের
কলাকৌশল শেখানো হয়। পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে কীভাবে ফলন বৃদ্ধি ও ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করা যায়, সে বিষয়েও প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের প্রধান উদ্যোক্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে ফুল চাষে উৎসাহিত হবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।
অর্গানিক ও স্বাস্থ্যকর সবজি আবাদের মাধ্যমে তারা পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত ফসল বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন। মূলত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
উপজেলা প্রশাসন সর্বদা জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সমাপনী সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।