সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। আগামী ২৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। পরীমনি আদালতে উপস্থিত না থাকায় তার আইনজীবী সময়ের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সম্প্রতি টিকা দেওয়ার পর পরীমনির সন্তান জ্বরে ভুগছে। পাশাপাশি সোমবার ছিল সন্তানের জন্মদিন। এসব কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারের দাবি করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এই মামলায় পরীমনির পাশাপাশি তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও কবীর হোসেন হাওলাদারকে আসামি করা হয়েছে। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটির বিচারিক কার্যক্রম নিম্ন আদালতে চলমান রয়েছে।