লিভার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। খাবার হজমে সহায়তা, শরীর থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ এবং প্রয়োজনীয় শক্তি ও ভিটামিন সংরক্ষণসহ নানা কাজ করে এটি। তবে দীর্ঘদিনের কিছু অনিয়ন্ত্রিত অভ্যাস লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে।
লিভার সুস্থ রাখতে প্রথমেই অ্যালকোহল বা মদপান এড়িয়ে চলা জরুরি। নিয়মিত অ্যালকোহল গ্রহণে লিভারে চর্বি জমা, প্রদাহ এবং পরবর্তী সময়ে সিরোসিসের মতো জটিলতা তৈরি হতে পারে।
এ ছাড়া অতিরিক্ত জাঙ্ক ও আল্ট্রা-প্রসেসড খাবার যেমন চিপস, বার্গার, পিৎজা, কোমল পানীয় ও অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার নিয়মিত খাওয়াও লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়াতে পারে।
কম ঘুম ও দীর্ঘদিনের মানসিক চাপও শরীরের বিপাকীয় ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা বা ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ।
লিভার ভালো রাখতে ধূমপান পরিহার, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও জরুরি। আর লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।