নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবের আয় করার নিয়ম আরও কঠিন হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে আগের তুলনায় দ্বিগুণ দর্শক বা ওয়াচ টাইম প্রয়োজন হবে।
নতুন নিয়মে বিজ্ঞাপন থেকে আয় পেতে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচ টাইম অথবা ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিউ লাগবে। পাশাপাশি কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্ত বহাল থাকছে। বর্তমানে ওয়াচ টাইমের সীমা ৪ হাজার ঘণ্টা এবং শর্টস ভিউয়ের শর্ত ১ কোটি।
শর্টস থেকে আয় করা নির্মাতাদের ক্ষেত্রেও বাড়ছে ভিউয়ের চাপ। ৯০ দিনে প্রয়োজনীয় ১ কোটি যোগ্য ভিউ না হলে শর্টসের আয় সাময়িকভাবে বন্ধ হতে পারে। তবে প্রয়োজনীয় ভিউ পূরণ করলে আবার স্বয়ংক্রিয়ভাবে আয় চালু হবে।
তবে ছোট নির্মাতাদের জন্য ইউটিউব শপিং, ব্র্যান্ড সহযোগিতা ও অন্যান্য আয়ের সুযোগ বাড়ানোর পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি।
নতুন নিয়মে বিশেষ করে শর্টসনির্ভর নির্মাতাদের নিয়মিত দর্শক ও ভিউ ধরে রাখার চাপ বাড়বে। ফলে ২০২৭ সাল ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের বছর হতে পারে।