ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও দুর্নীতি দমন কমিশন—দুদক প্রতিবেদন দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বলপ্রয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করা হয়। এ মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে ১২ নম্বর আসামি করা হয়েছে।
মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ আরও ১৯ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, কম পরিশোধিত মূলধনের একটি প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের শেয়ার অধিগ্রহণ করা হয়, যা নিয়ে আর্থিক সক্ষমতা ও লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
মামলার পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাড়া অন্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।