মাদারীপুরের কালকিনি উপজেলার ক্রোকির ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় আটজন ছাত্রী অংশগ্রহণ করে ছিলেন। সেখানে মাত্র একজন পাস করেছেন। অথচ ২০ জন শিক্ষক এ সকল শিক্ষার্থীদের পাঠদান করেছেন।
এই মাদ্রাসায় আগেই ১৮ জন শিক্ষক কর্মরত ছিলেন। সম্প্রতি আরও দুইজন শিক্ষক যোগ দিলে মোট ২০ জন শিক্ষক রয়েছে। এর পাশাপাশি কর্মচারী রয়েছেন পাঁচজন।
এবারের দাখিল পরীক্ষায় ওই প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া আট শিক্ষার্থীর মধ্যে সাতজনই ফেল করেছেন। এতে পাসের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৫০ শতাংশ।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত ২০ শিক্ষকের মধ্যে নারী শিক্ষক আটজন এবং পুরুষ শিক্ষক রয়েছে ১২ জন। ২০ জন শিক্ষক চেষ্টা চালিয়ে যাবার পরে একজন শিক্ষার্থীকে পাস করাতে সমর্থ হন।
স্থানীয় সূত্রের দাবি, মাদ্রাসার শিক্ষকরা প্রতি মাসে প্রায় ছয় লাখ টাকা বেতন-ভাতা উত্তোলন করে থাকেন। সেখানে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক-কর্মচারীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে এখন প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।