সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে না পারায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। সরকার ধানের দাম নির্ধারণ করে দিলেও স্থানীয় বাজারে সেই দামে ধান বিক্রি হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের।
কৃষকরা জানান, ধান উৎপাদনে সার, বীজ, কীটনাশক, শ্রমিক ও পরিবহনসহ খরচ বেড়েছে কয়েকগুণ। কিন্তু বাজারে ধান নিয়ে গেলে সরকারি নির্ধারিত দামের চেয়ে কম দামে ধান কিনতে চাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাধ্য হয়ে লোকসানে ধান বিক্রি করতে হচ্ছে তাদের।
হাওরাঞ্চলের কৃষকদের প্রধান আয়ের উৎস বোরো ধান। ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক কৃষক আর্থিক সংকটে পড়ছেন।
কৃষকদের দাবি, শুধু সরকারি দাম নির্ধারণ করলেই হবে না—বাজারে সেই দাম বাস্তবায়ন হচ্ছে কি না, তা কঠোরভাবে মনিটরিং করতে হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
কৃষকদের প্রশ্ন—সরকারি দাম নির্ধারিত থাকার পরও যদি সেই দামে ধান বিক্রি করা না যায়, তাহলে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে কীভাবে?
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, দ্রুত বাজার তদারকি করে সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।