গ্রিনল্যান্ড, আইসল্যান্ড থেকে শুরু করে স্পেন—দিনের বেলাতেই কয়েক মিনিটের জন্য নেমে এলো রাতের গাঢ় অন্ধকার। বুধবার (১২ আগস্ট) এক বিরল ও অবিশ্বাস্য পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হলো ইউরোপ মহাদেশ।
রাশিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে এই সূর্যগ্রহণের গতিপথ পৌঁছায় গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে। রাজধানী রেইকিয়াভিকে ১৪৩৩ সালের পর—অর্থাৎ প্রায় ৬০০ বছর পর—এই প্রথম দেখা মিললো পূর্ণ সূর্যগ্রহণের। আইসল্যান্ডের কেফলাভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে, যা স্থায়ী ছিল দুই মিনিটেরও বেশি সময়।
এরপর মহাজাগতিক এই দৃশ্য পৌঁছে যায় স্পেনে। দেশটিতে এক শতাব্দীরও বেশি সময় পর দেখা গেল পূর্ণ সূর্যগ্রহণ। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় এ সময় স্পষ্ট হয়ে ওঠে সূর্যের বাইরের বলয় ‘করোনা’। নিমেষেই কমে যায় তাপমাত্রা, সৃষ্টি হয় গোধূলির মতো আলো-আঁধারি পরিবেশ।
বিরল এই মুহূর্ত উপভোগ করতে আইসল্যান্ড ও স্পেনে ভিড় জমান বিশ্বের হাজার হাজার পর্যটক ও মহাকাশপ্রেমী।
বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছর—২০২৭ সালের আগস্টেও স্পেনের দক্ষিণাঞ্চল এবং উত্তর আফ্রিকার আকাশে দেখা যাবে আরও একটি পূর্ণ সূর্যগ্রহণ।