শাড়িকাণ্ডে প্রতারণার মামলায় জামিন পেলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আর জামিন পেয়েই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বোমা ফাটালেন তিনি। ফাঁস করলেন সেই অনলাইন ফ্যাশন পেজের কথিত মালিকের ছবি। তিশার দাবি, সস্তা ‘নেগেটিভ মার্কেটিং’ করতেই তার বিরুদ্ধে এই মিথ্যে মামলা করা হয়েছে।
অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’-এর করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। জামিন পেয়েই ফেসবুকে ওই পেজের কথিত মালিকের ছবি প্রকাশ করেন তিনি।
তিশার দাবি, যার সঙ্গে শাড়ি নিয়ে প্রথম কথা হয়েছিল তিনি নিজেকে আড়ালে রেখে অন্যকে দিয়ে মামলা করিয়েছেন। এমনকি নিজেকে লুকাতে আজ আদালতে তিনি আইনজীবীদের মতো ‘কোর্ট ড্রেস’ পরে এসেছিলেন! তিশা জানান, ওই শাড়িটি পরে তিনি বহু আগেই পেজটিকে মেনশন দিয়ে ছবি আপলোড করেছেন। পুরোটাই সস্তা ‘নেগেটিভ মার্কেটিং’ এবং ওই নারীর স্বামী সচিব হওয়ায় ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেন অভিনেত্রী।
২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে গত বছরের নভেম্বরে মামলাটি করেছিল প্রতিষ্ঠানটি।
এদিকে, এতসব বিতর্কের মাঝেই ভক্তদের জন্য সুখবর হলো—খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।