ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।
নতুন এই ভবনটি চালুর মধ্য দিয়ে বিশেষায়িত এই হাসপাতালের মোট শয্যা সংখ্যা উন্নীত হলো ১ হাজারে। ১৫ তলাবিশিষ্ট আধুনিক এই ভবনে রয়েছে ১২টি ওয়ার্ড ফ্লোর, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক ইউনিট, ৪০টি আইসিইউ, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন। এ ছাড়া নিচের তিনতলায় রাখা হয়েছে বেজমেন্ট ও সার্ভিস সেকশন।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তাঁর জন্মদিনে পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন ভবনের উদ্বোধন করে দেশের নিউরো রোগীদের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করলেন।