চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে তিনি শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা দেওয়ার কথা জানান।
ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী ইরানেরই ছিল, আছে এবং থাকবে। প্রণালীটি কখন খোলা বা বন্ধ থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ নিয়ন্ত্রণও তেহরানের হাতে।
পাল্টাপাল্টি এই অবস্থানের মাঝে প্রণালীটিতে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। কেপলার ডেটা বলছে, শুক্রবারে তেলবাহী কোনো জাহাজ চলাচল করেনি বললেই চলে। যুদ্ধ শুরুর আগে যেখানে দৈনিক ১৩০টির বেশি জাহাজ চলত, মার্কিন অবরোধ ও তল্লাশির কারণে বর্তমানে তা নেমে এসেছে শূন্যের কোঠায়।