ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল ফ্রগ্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের বিলাসবহুল শাংরি-লা হোটেলে ইসলামি ও মালয় রাজকীয় ঐতিহ্যে এই জমকালো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নববধূ ইলিয়ানা মালয়েশিয়ার সাবেক রাজা ও পাহাংয়ের সুলতান আল-সুলতান আবদুল্লাহর কন্যা। অনুষ্ঠানে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমিরাতের রাজকীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আংটি বদল, বিশেষ মোনাজাতের পাশাপাশি নবদম্পতির ওপর পানি ছিটিয়ে ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথায় আশীর্বাদ জানানো হয়।
অনুষ্ঠানে রাজকন্যা বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের তৈরি পোশাক এবং পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’ পরিধান করেন। প্রথাগত রাজকীয় আবহ আর আভিজাত্যের মধ্য দিয়ে শেষ হয় রূপকথার মতো এই আয়োজন।