আগামী দিনগুলোতে বেসরকারি শিক্ষকদের অবসরের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষকদের টাকার জন্য অফিসে অফিসে ঘুরতে হবে না এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী শিক্ষা ও উপবৃত্তি চালুর যুগান্তকারী ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তারেক রহমান অভিযোগ করেন, বিগত সরকার জাল ইনডেক্স ও অনিয়মের মাধ্যমে কল্যাণ তহবিলের প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস করে শিক্ষকদের এই তহবিল দুটিকে দেউলিয়া পর্যায়ে নিয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার সব অনিয়ম কাটিয়ে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।