দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন ও পাইপলাইন বসানোসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ দুপুরে সিলেটে কৃষি উন্নয়ন প্রকল্পের এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি জানান, সংকট উত্তরণে মালয়েশিয়া থেকে এলএনজি রূপান্তরের বিকল্প উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সিলেটে কৃষি উন্নয়ন প্রকল্পের জেলা কর্মশালায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে জ্বালানির বর্তমান চাহিদা জোগানের চেয়ে প্রায় দ্বিগুণ।
মন্ত্রী জানান, গত কয়েক দিনে দেশের দুটি ভাসমান এলএনজি ইউনিটের একটিতে সরবরাহ জটিলতা এবং অন্যটির বয়লার নষ্ট থাকায় পরিস্থিতি খারাপ হয়েছিল।
তবে একটি ইউনিটে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং বিকল বয়লার মেরামতের কাজ চলছে।
তিনি আরও জানান, প্রচলিত ব্যবস্থার বাইরে মালয়েশিয়া সরকারের সহায়তায় বড় জাহাজ থেকে ছোট জাহাজে এলএনজি এনে তা রূপান্তরের প্রক্রিয়া চলছে। জ্বালানি মন্ত্রণালয়ের এ উদ্যোগ সফল হলে শিল্পকারখানা ও বাসাবাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে।